বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকারের

আমাদের ভারত, ১৩ জুলাই: নতুন করে করোনার চোখরাঙানি শুরু হতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ১৮ বছরের বেশি বয়সীদের সকলকে বিনামূল্যে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশমতো দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ। এতদিন শুধুমাত্র ষাটোর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে ভ্যাকসিনের বুষ্টার ডোজ পেয়েছেন। এর নিচের বয়সের নাগরিকদের বুস্টার ডোজ নিতে নির্দিষ্ট দাম দিতে হচ্ছে। ফলে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই উৎসাহ চোখে পড়ছিল না। কিন্তু নতুন করে করোনার চোখরাঙানি শুরু হতেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেয়নি বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে উৎসাহ বাড়াতে বিনামূল্যে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সারা বছর আজাদি কি অমৃত মহোৎসব পালন করছে মোদী সরকার। তাতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টিকে যুক্ত করা হল এবার।

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ১৮ ঊর্ধ্ব নাগরিকদেরও। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে নতুন করে বুষ্টার ডোজ নেওয়ার উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীদের দাবি, সরকার অন্য খাতে মানুষকে শোষণ করছে আর ভ্যাকসিনের বেলায় বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে নাম কুড়োচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *