পোস্টাল ব্যালটে কারচুপি রুখতে সংগ্রহের সময় বাড়ি বাড়ি যাবে কেন্দ্রীয় বাহিনী

রাজেন রায়, কলকাতা, ১০ মার্চ: পোস্টাল ব্যালটে কারচুপি নিয়ে লালবাজারের তিনজন অফিসারের নাম করে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। এ বার নজিরবিহীন এক সিদ্ধান্ত নেওয়া হল নির্বাচন কমিশনের তরফ থেকে। সূত্রের খবর, নির্বাচন চলাকালীন পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহের সময়ও এ বার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রাজ্য পুলিশ কোনও রকম কারচুপি করতে না পারে।

কমিশনের এই কড়া সিদ্ধান্তের ফলে প্রকারান্তরে বিরোধীদের অভিযোগই সিলমোহর পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোভিডের কারণে নির্বাচন কমিশন ৮০ ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য বাড়ি থেকে ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহের ব্যবস্থা করেছে। তবে সেই ব্যালট সংগ্রহের কাজে ভোট কর্মীদের পাশাপাশি রাজ্য পুলিশের যাওয়ার কথা ছিল। ঠিক এই বিষয়েই আপত্তি তোলা হয়। যদিও ব্যালটে ভোট সংগ্রহের কাজে ভোট কর্মী, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দলীয় প্রতিনিধিরাও থাকতে পারবেন বলে জানা গিয়েছে। থাকবেন একজন মাইক্রো অবজারভারও।

প্রথম দফার নির্বাচনের আগে ৩০টি বিধানসভা কেন্দ্রের সকল বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে কমিশন। প্রথম দফায় বুথের সংখ্যা ১০ হাজার ৭০০। সেখানে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। প্রথম দফা নির্বাচনে ঝাড়গ্রামের মতো মাও অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করছে কমিশন। ইতিমধ্যেই ৪৯৫ কোম্পানি আধাসেনা রাজ্যে এসে পৌঁছেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *