কেন্দ্রীয় বাহিনীর জন্য নকুলদানা গুড় বাতাসার নিদান বিধায়ক ইদ্রিস আলির

আমাদের ভারত, হাওড়া, ২৩ ফেব্রুয়ারি: বীরভূমের অনুব্রত মণ্ডল এর পর এবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি কেন্দ্রীয় বাহিনীর জন্য নকুলদানার নিদান দিলেন। মঙ্গলবার বিধায়ক কেন্দ্রীয় বাহিনীকে নকুল দানার পাশাপাশি গুড় বাতাসা এবং নীল জল দেওয়ার পরামর্শ দেন। এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির দাবি এটা তৃণমূলের অপসংস্কৃতি।

রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌছনোর পাশাপাশি বিভিন্ন এলাকায় তাদের দিয়ে রুট মার্চ করানো শুরু হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসায় রবিবার উলুবেড়িয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন মানুষ খুশি। আর ঠিক তার উল্টো পথে হেঁটে মঙ্গলবার ইদ্রিস আলি বলেন, কেন্দ্রীয় বাহিনী আগে এলেও কোনও ক্ষতি নেই। তাদের নকুলদানা গুড় বাতাসা নীল জল দেওয়া হবে, তারা খেয়ে চুপচাপ থাকবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। খেলা হবে প্রসঙ্গে বিধায়ক বলেন ভয়ঙ্কর খেলা হবে। তবে যদি বিজেপি হিংস্র খেলা শুরু করে তাহলে তৃণমূল এমন খেলা খেলবে যাতে বিজেপি এরাজ্যে থাকতে না পারে।

অন্যদিকে বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। তিনি বলেন, বীরভূম থেকে উলুবেড়িয়া সব জায়গাতেই তৃণমূল এই ভাবে কথা বলছে। আর বিজেপি হিংস্র খেলায় বিশ্বাস করে না। তবে তৃণমূল যদি এই ধরনের খেলা খেলে তাহলে বিজেপি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *