রায়গঞ্জে ভোটারদের আশ্বস্থ করল কেন্দ্রীয় বাহিনী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ মার্চ: কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে গ্রামে গঞ্জে ভোটারদের অভয় বার্তা দিতে পৌঁছে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের পাশাপাশি কথা বলছেন সাধারন মানুষদের সাথে। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীকে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকায় সন্তুষ্ট রায়গঞ্জের ভোটাররা। যদিও গ্রামের বাসিন্দাদের বক্তব্য এখানে ভোটে কোনও গন্ডগোল বা অশান্তি হয় না।

গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের নির্ঘন্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই ২৫ তারিখেই উত্তর দিনাজপুর জেলায় ঢুকে যায় ভোট পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় বাহিনী শহর থেকে গ্রাম রুটমার্চ শুরু করে। সোমবার রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বরুয়া গ্রামপঞ্চায়েতের রাড়িয়া গ্রামে রুটমার্চ করেন। কেন্দ্রীয় বাহিনী ও রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন। কেউ কোনওরকম হুমকি বা অশান্তি সৃষ্টি করছে কিনা, ভয় দেখাচ্ছে কিনা তা গ্রামবাসীদের জিজ্ঞাসা করেন।

পাশাপাশি তাদের নির্ভয়ে ভোটদান করার জন্য আশ্বস্ত করেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকায় খুশি প্রত্যন্ত গ্রামের ভোটাররা। তাঁরা বলেন, এখানে কোনও অশান্তি বা ভয় দেখানো এই ধরনের ঘটনা ঘটেনি। তবে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ফলে তাঁরা নিশ্চিত বলেই মনে করছেন। কেন্দ্রীয় বাহিনীর সাথে সাথে রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা কোনও সমস্যা হলে থানায় বা প্রশাসনকে জানানোর কথা বলেন। অনেকেই বলেন, পঞ্চায়েত ভোটে অশান্তি হলেও বিধানসভা ভোটের আগে কোনওদিনই গন্ডগোল হয়নি। ফলে তাঁরা নির্ভয়েই ভোট দিতে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *