প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৭ মে:
রাজ্যে শান্তি-শৃঙ্খলার অবস্থা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন ৪ সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভাটপাড়া বিধানসভা যে সমস্ত এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রতিনিধি দল।
বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই অশান্ত হয়ে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা। বিশেষ করে ভাটপাড়া ও জগদ্দল বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মীদের ওপর নিত্যদিন হামলা ও বোমাবাজির ঘটনা ঘটছে। ইতিমধ্যেই দুষ্কৃতী হামলায় কমল মন্ডল নামে এক বিজেপি কর্মীর মায়ের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় ওই বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সাংসদ অর্জুন সিংও ঘুরে দেখে গেছেন আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি।
এরপর বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখেন ভাটপাড়া বিধানসভা অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি। সেই সঙ্গেই তারা বিজেপি কর্মীদের ওপর হওয়া সন্ত্রাস ও বোমাবাজির কথাও শোনেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সামনে পেয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত অত্যাচারের কথা জানান। সেই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করেন যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশও তাদের এই দুষ্কৃতী তাণ্ডবের থেকে রক্ষা করতে পারেনি।

