কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট:
ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রকে বারবার বলা হয়েছে কিন্তু কেন্দ্র অনুমোদন করছে না, ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করলেন। ত্রাণ নিয়ে কোনও রাজনৈতিক রঙ যেন দেখা না হয়, সেই বার্তাও দেন দলের নেতা কর্মীদের।
আজ ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কপ্টার দুপুর বারোটা নাগাদ কুশপাতা বঙ্গবাসী ক্লাবের মাঠে নামে। এরপর তিনি সড়ক পথে আসেন ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক নম্বর চাতালে। মুখ্যমন্ত্রী বন্যার জলের মধ্যে কিছুটা নেমে পড়েন। এই বন্যা পরিস্থিতিকে পরিকল্পিত বন্যা বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও ঘাটালের মাস্টারপ্ল্যান অনুমোদন করছে না। তিনি বলেন ৭০০ কোটি টাকা দিয়ে কপালেশ্বরী এবং কেলেঘাই সহ কয়েকটি প্রজেক্ট রাজ্য সরকার করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জেলার মন্ত্রী এবং এমপিদের একটি প্রতিনিধিদল পাঠানো হবে। তারা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবেন।
ঘাটাল মাস্টারপ্ল্যানের পাশাপাশি সুন্দরবন এবং দীঘা-সমুদ্র-সৈকত প্রজেক্ট কেন্দ্রের কাছে পাঠানো হবে বলে তিনি জানান। কলকাতায় ফিরে আরও বিস্তারিত রিপোর্ট তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী বলেন। তিনি বলেন, পরিকল্পনা করে কাজ না করলে প্রতিবছর ঘাটালে এই অবস্থা হবে। পাশাপাশি তিনি বলেন ২৮০০ কোটি টাকার একটি প্রজেক্ট হচ্ছে নিম্নদামোদর অববাহিকা অঞ্চলে কালভার্ট সহ বিভিন্ন কাজ হবে এবং চেক ড্যামে জল জমা হবে।

এই দিন কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যায় মৃত কয়েকজনের পরিবারের হাতে চেক তুলে দেন।
হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক রশ্মি কমল, এসপি দিনেশ কুমার, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি সহ অন্যান্যরা।

