আমাদের ভারত, ২৫ এপ্রিল: সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরি করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। নতুন আইনে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে আরও ক্ষমতা দেওয়ার পাশাপাশি তদন্তে রাজ্য সরকারগুলির কাছ থেকে সম্মতি নেওয়ার প্রয়োজন পড়বে না বলে সূত্রের খবর।
বর্তমানে সিবিআই দিল্লি স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট আইনের আওতায় কাজ করে, এতে সিবিআইকে কোনো রাজ্যের তদন্ত শুরু করার আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে সম্মতি নিতে হয়। জানাগেছে, সিবিআইয়ের জন্য আলাদা যে আইন তৈরির ভাবনাচিন্তা চলছে, তাতে এটিকে জাতীয় স্তরের আইন করতে চাইছে কেন্দ্র সরকার।
বর্তমানে কোনো বিষয়ে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অনুমতি দিলে সিবিআইয়ের আর রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বাকি ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের জেনারেল কনস্ট্যান্ট নিতে হয়। এবার সেই বিষয়টি পুরোপুরি তুলে দিতে চাইছে কেন্দ্র সরকার।
সিবিআইয়ের জন্য নতুন আইন তৈরির জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কর্মী বিষয়ক মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বেশ কয়েক দফার বৈঠকও করে ফেলেছে। গত মার্চে সংসদীয় স্থায়ী কমিটি সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরির সুপারিশ করেছিল। কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল বর্তমানে সিবিআই যে আইনের আওতায় কাজ করে তাতে তাদের কাজের পরিধি সীমিত। তাই নতুন আইন তৈরি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে শক্তিশালী করার পাশাপাশি, তাদের কাজকর্ম এবং অধিকারও নির্ধারণ করা হোক।
কেন্দ্র সরকার সিবিআইয়ের জন্য নতুন আইন তৈরির ক্ষেত্রে সংশোধন কমিটির সুপারিশকে সামনে রেখে এগোতে চাইছে। তবে কমিটির পক্ষ থেকে এমন সুপারিশও করা হয়েছে যে সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরি হলে তাতে যেন নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে, কারণ সিবিআইয়ের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্র সরকার।

