আমাদের ভারত, ১৯ জুলাই: পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাব তাদের কাছে এসেছে। এই প্রস্তাবে তিনটি ভাষা বাংলা ইংরেজি এবং হিন্দিতে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার কথা বলা হয়েছে।
২০১৬ সাল থেকে রাজ্যের নাম বদলানোর চেষ্টা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথমে তিনটি ভাষায় তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রকে। এরপর ২০১৮ সালে তিনটে ভাষাতেই একই নাম বদলানোর প্রস্তাব দেওয়া হয়। দুবারই আলাদা আলাদা কারণ দেখিয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র।
তৃণমূলের এক সংসদ সায়েদা আহমেদ লোকসভায় এই বিষয়ে তথ্য চেয়ে জানতে চেয়েছিলেন। তার জবাবে পশ্চিমবঙ্গের নাম বদলের কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সায়দা জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেশের বিভিন্ন শহরের নাম বদলাতে চেয়ে কতগুলি প্রস্তাব জমা পড়েছে এবং কেন্দ্র ঐতিহ্যবাহী জায়গায় নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনো রকম বদল এনেছে কিনা।
জবাবে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় লিখিতভাবে এর জবাব দিয়েছেন। নিত্যানন্দ রায় লোকসভায় জানিয়েছেন, গত পাঁচ বছরে তাদের কাছে শহরের নাম বদলানোর যত প্রস্তাব এসেছিল তার প্রত্যেকটিতেই তারা ছাড়পত্র দিয়েছে। ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর বিষয়ে তারা কোনো নিয়ম বদলায়নি।
রাই জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফেও রাজ্যের নাম বদলের প্রস্তাব তাদের কাছে এসেছে। তবে সেই প্রস্তাব নিয়ে তারা কিছু পদক্ষেপ করছেন কিনা তা জানানি তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, নামের জন্যই বিভিন্ন সভায় পশ্চিমবঙ্গের নাম অনেক পরে ডাকা হয়ে থাকে। যা রাজ্যের উন্নয়নেও অন্তরায় হয়। তাই রাজ্যের নাম বদলানোর প্রস্তাব তিনি দিয়েছেন। ২০১৬ সালে প্রথমে তিনটি ভাষায় তিনটি আলাদা নাম বদলের প্রস্তাব করা হয়। কেন্দ্রকে সেই প্রস্তাবে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের নাম বাংলা হরফে বাংলা, ইংরেজিতে বেঙ্গল, হিন্দিতে বাঙ্গাল করা হোক। কিন্তু কেন্দ্র সেই প্রস্তাব খারিজ করে দেয়। ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কেন্দ্র একটিমাত্র নাম বেছে না নেওয়ায় প্রস্তাব খারিজ করে দেয়। তাই তারা বিধানসভায় নতুন প্রস্তাব পাস করিয়ে একটি নাম ঠিক করেন এবং কেন্দ্রের কাছে জমা দেন। ২০১৮ সালের ২৬ জুলাই পাস হওয়া প্রস্তাবটি ২০১৯ -এ ফিরিয়ে দিয়ে কেন্দ্র বলে রাজ্যের নাম বদলাতে হলে সাংবিধানিক সংশোধনী দরকার।

