রাজেন রায়, কলকাতা, ১৭ জুন: করোনা পরিস্থিতিতে সারা ভারতজুড়ে সবরকম বোর্ডেই বাতিল হয়ে গিয়েছে ২০২১-এর দশম ও দ্বাদশের পরীক্ষা৷ কিন্তু ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে কী ভাবে, তা নিয়ে চিন্তা ছিল অভিভাবকদের৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দ্বাদশের মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দিল সিবিএসই৷ যেখানে বলা হয়েছে, দশম শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল৷ ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে৷ ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে৷
সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা দশম শ্রেণির যে পরীক্ষা দিয়েছিল সেই মার্কশিটের ভিত্তিতেই দ্বাদশের মার্কশিট তৈরি হবে৷ সেক্ষেত্রে ওয়েটেজ হবে ৩০ শতাংশ৷ পাশাপাশি একাদশ ও দ্বাদশ মিলে ৪০ শতাংশ ওয়েটজ হবে৷ অতএব দশম, একাদশ ও দ্বাদশ, এই তিন শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতেই দ্বাদশের মূল্যায়ন করা হবে৷ সেই সঙ্গে ইউনিট, টার্ম, প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও নজরে থাকবে৷ ৩১ জুলাইয়ের মধ্যে হবে ফল প্রকাশ।
মূল্যায়নের ক্ষেত্রে আইসিএসই ও আইএসই- একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে জানা যাচ্ছে৷ দশম ও দ্বাদশের যে মার্কস দেওয়া হবে সেরা পাঁচটির মধ্যে সেরা তিনটি নম্বরের ভিত্তিতে৷ সেই সঙ্গে যুক্ত হবে ইউনিট, টার্ম, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর৷ সঠিক মনে হলে এই মূল্যায়নের পদ্ধতি অনুসরণ করতে পারে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

