আমাদের ভারত, ৮ এপ্রিল:বগটুই গণকাণ্ড, তপন কান্দু হত্যাকাণ্ডের পর রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখের খুনের ঘটনার তদন্তও করবে সিবিআই। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই ঘটনার তদন্ত ভার নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার ভাদু শেখ হত্যাকাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যেহেতু ভাদু শেখ হত্যাকাণ্ডের সঙ্গে বগটুই হত্যাকাণ্ড পরস্পর সম্পর্কযুক্ত তাই এই নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ভাদু শেখের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীরা দ্বিধাবিভক্ত ছিলেন। মামলার শুনানি শুরু হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান যেহেতু বগটুই গণহত্যার সঙ্গে এই ভাদু শেখের হত্যাকাণ্ডে জড়িত তাই এই ঘটনায় তদন্ত করবে সিবিআই। আর এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হলে তবেই বগটুই কাণ্ডের তদন্ত সঠিক পথে এগোবে বলে মনে করছে আদালত।
ভাদু শেখ হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সাথে সাথেই এই হত্যাকাণ্ডের যাবতীয় নথি রাজ্য পুলিশকে তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, সত্যিকারে দোষীরা যাতে শাস্তি পায় সে কথা মাথায় রেখে সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বগটুই হত্যাকাণ্ডে মুম্বাই থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এদের মধ্যে দুজন ঘটনার দিন রাতেই রামপুরহাট থেকে ট্রেনে চেপে পালিয়ে গিয়েছিল । এদিকে ভাদু শেখের হত্যার তদন্তভার পাওয়ার পরই রাজ্য পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চাইবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বলে জানা গেছে।

