তপন কান্দু খুনের দিন থেকে এক মাসের জিডির প্রতিলিপি ঝালদা থানা থেকে নিল সিবিআই

সাথী দাস, পুরুলিয়া, ১৬ এপ্রিল: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে দিনভর তদন্ত জারি রাখল সিবিআই। আজ ঝালদা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের একটি দল হেফাজতে থাকা অভিযুক্ত নরেন কান্দুর বাড়িতে যায়। প্রায় দুই ঘন্টা ধরে নরেনের স্ত্রী বাবি কান্দুর সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। বিকেলে বাবি কান্দু সিবিআইয়ের অস্থায়ী শিবিরে যান। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, “ব্যাঙ্কের বিভিন্ন তথ্য ছাড়াও জমির দলিল সংক্রান্ত নথি বাড়ি থেকে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।”

একইভাবে অন্য একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঝালদা শাখার কর্মীকে সঙ্গে নিয়ে সত্যবান পরামানিকের বাড়িতেও যান তদন্তকারি আধিকারিকরা। দুই ক্ষেত্রেই গত কয়েক মাসে ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখে সিবিআই। এছাড়া উপার্জন বহির্ভূত আয় খতিয়ে দেখেন তাঁরা। প্রসঙ্গত, সুপারি বাবদ ৮ লক্ষ টাকা লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

আজ আসিক খানকে নিয়ে আবার তদন্তে যায় সিবিআই। ঝালদার কুটিডি গ্রামের বাড়ি থেকে তার ব্যবহৃত মোপেড ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিজেদের অস্থায়ী শিবিরে নিয়ে যায় সিবিআই।

বিকেলের দিকে ঝালদা থানা থেকে এক মাসের জেনারেল ডায়েরির প্রতিলিপি নেয় সিবিআই। ১৩ মার্চ তপন কান্দুর খুনের দিন থেকে প্রায় এক মাসের ঝালদা থানার জিডি (জেনারেল ডায়েরি) খাতার জেরক্স জমা নেন তদন্তকারি আধিকারিকরা। জিডি খাতার জেরক্স ঝালদা থানার এএসআই ক্ষিরোদ বরণ সর্দার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জমা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *