কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিতের বাড়িতে সিবিআই, দাদার বাধা রাজ্য পুলিশকে

রাজেন রায়, কলকাতা, ২৬ আগস্ট: ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার ময়দানে নামল সিবিআই। বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ ভোট পরবর্তী সময়ে কাঁকুরগাছিতে খুন হওয়া বিজেপি কর্মী অভিজিত সরকারের বাড়িতে যান সিবিআই কর্তারা। তাদের সঙ্গে ছিলেন লালবাজারের হোমিসাইডের গোয়েন্দারা। লালবাজারের গোয়েন্দাদের ঢুকতে বাধা দেন অভিজি সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।

এরপর কেন্দ্রীয় গোয়েন্দারা কথা বলেন তাঁর দাদা বিশ্বজিত সরকারের সঙ্গে। তারপর লিখিত নেওয়ার পাশাপাশি পার্টি অফিস পশু চিকিৎসালয় এবং ঠাকুর তৈরীর কারখানা ঘুরে ঘুরে দেখে ভিডিও রেকর্ডিং করেন গোয়েন্দারা। এর পাশাপাশি যেখানে যেখানে অভিজিৎ হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন এবং তাকে মারধর করা হয়েছিল সেই সমস্ত জায়গা চিহ্নিত করে ভিডিও ফুটেজ নেন।

ভোট পরবর্তী হিংসা মামলায় দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে ৯টি এফআইআর রুজু করা হয়েছে। অর্থাৎ ৯টি এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু করলেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিয়োগ করা হয়েছে সিবিআইয়ের ৮৪ জন তদন্তকারী অফিসারকে। টিম বেড়ে হয়েছে ১০৯ জন। অর্থাৎ ১০৯ জনের স্পেশ্যাল টিম ভোট পরবর্তী হিংসার তদন্ত সামলাবেন।
মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *