আমাদের ভারত, মালদা,২২ সেপ্টেম্বর: মালদার
মানিকচকে বালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ঘটনার তদন্তভার নিল সিবিআই। আর তদন্তভার হাতে পেয়েই মালদার মানিকচকের জালালপুরের ধর্ষিতা বালিকার বাড়িতে হাজির হন সিবিআইয়ের চারজন প্রতিনিধি।
উল্লেখ্য, গত ৪ জুন মানিকচকের জালালপুরে ৯ বছরের এক বালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম ওই বালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের একদিন পর ঘটনাটি জানাজানি হতেই ধর্ষিতার মা মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও শেষমেষ পুলিশের কাছে আত্মসমর্পণ করে।বর্তমানে অভিযুক্ত শিক্ষকের ঠিকানা শ্রীঘর।
সেই সময় এই ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। বিজেপির পক্ষ থেকে বারবার এই ধর্ষণের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জোরদার হয়। আর কয়েকদিন আগেই এই ধর্ষণ কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আর তদন্তভার হাতে পেয়েই সিবিআইয়ের দিল্লির দপ্তর থেকে হাজির হন ৪ জন প্রতিনিধি। তারা দীর্ঘক্ষণ ধর্ষিতা কিশোরী ও তার পরিবারের সাথে কথা বলেন। তবে ঠিক কি বিষয়ে কথা হয়েছে বা কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিবিআই বা ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে। তবে সিবিআইয়ের তদন্তভার গ্রহণে বেজায় খুশি এলাকাবাসী। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

