রাজেন রায়, কলকাতা, ১ নভেম্বর: উৎসবের মরসুমের মধ্যেও রোজভ্যালি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। আগরতলা আদালতে জমা পলড় এই চার্জশিট। ৪৬৪ কোটি টাকার প্রতারণা মামলায় দাখিল করা এই চার্জশিটে নাম রয়েছে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু, ডিরেক্টর অশোক সাহা, শিবময় দত্ত, রামলাল গোস্বামীর। এ ছাড়া চার্জশিটে উল্লেখ রয়েছে রোজভ্যালি সংস্থার সম্পত্তি রোজভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেডের নাম।
এর আগে ২০১৮ সালেও এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়। রোজভ্যালি সংস্থার পসার কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পাশাপাশি ওড়িশা ও ত্রিপুরাতেও বিস্তার করেছিল। সেই সূত্রেই প্রথমে ত্রিপুরা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী কালে হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই নেওয়ার পর এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও যান তদন্তকারীরা। সেই সূত্রেই বেশ কিছু তথ্য প্রমাণ ও সূত্র উঠে আসে।বেশ কয়েকটি বাড়ি খালি করারও নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর ২৬ কোটি ৯৮ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
রোজভ্যালি কাণ্ডে ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন গৌতম কুণ্ডু। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন স্ত্রী শুভ্রা কুণ্ডুও। এবার এই কান্ডে আরও নতুন কারোর নাম উঠে আসে কি না সেটাই দেখার।

