কাঁকুড়গাছির অভিজিৎ খুনের মামলায় এবার চার্জশিট পেশ সিবিআইয়ের

রাজেন রায়, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে কাঁকুড়গাছির অভিজিৎ সরকারের বাড়ি থেকে প্রথম তদন্ত শুরু করেছিল সিবিআই। আর এবার সেই ‘খুনে’ চার্জশিট জমা দিল সিবিআই। ২০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে চার্জশিট জমা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। খুন ও লুঠের ধারায় চার্জশিট জমা পড়েছে।

উল্লেখ্য, গত সোমবারই অভিজিত সরকারের মা ও দাদাকে শিয়ালদা আদালতে নিয়ে যায় সিবিআই। অভিজিতের মায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়। তবে মা অসুস্থ হয়ে যাওয়ায় জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি দাদার। তবে এ ঘটনায় ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন গোয়েন্দারা।

ভোট গণনার পরের দিনই মৃত্যু হয় বেলেঘাটার বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। তদন্তের স্বার্থে তাঁর দেহ সৎকার করা হয়নি। ১৩৬ দিন পর সৎকারের অনুমতি পায় পরিবার। ভোটের দিন গলায় তার পেঁচানো অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর পরিবার প্রথম থেকেই দাবি তোলে, বিজেপি করার জন্য অভিজিৎকে খুন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *