পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশকে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: কলকাতা পুরভোট নিয়ে বড়সড় নির্দেশ দিল হাইকোর্ট। জানিয়ে দিল, প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, শুধু তাই নয় স্ট্রং রুমেও সিসিটিভি রাখতে হবে। আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

কলকাতা পুরসভা নির্বাচনে প্রত্যেক বুথে এবং স্ট্রং রুমে সিসিটিভি বসানোর দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন সমাজসেবী দেবদত্ত মাজি। তিনি গত বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন। তাঁর আবেদন ছিল, সন্ত্রাস বন্ধ করতে হলে প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। আজ সেই মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভসন বেঞ্চ প্রত্যেক বুথে সিসিটিভি বসানোর নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশনকে।

এই মামলার আইনজীবী গোপাল মন্ডল বলেন, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মাত্র কয়েকটি বুথকে রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর ঘোষণা করে সিসিটিভি বসানোর কথা বলেছিল। কিন্তু আমরা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে বিভিন্ন বুথের ভেতরে এবং বাইরে অশান্তি হয়েছে। কিন্তু কোনও প্রমাণ না থাকায় তা নিয়ে ব্যবস্থা নেওয়া যায়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমরা প্রত্যেক বুথে সিসিটিভি বসানোর দাবি জানিয়েছিলাম, শুধু তাই নয় স্ট্রং রুমেও আমরা সিসিটিভি বসানোর দাবি জানিয়েছিলাম। কারণ বুথ এবং বুথের বাইরে ক্যামেরা বসানো থাকলে সে ক্ষেত্রে রিগিং, সন্ত্রাস বা বুথ জ্যাম হলে তার ছবি থাকবে এবং আগামী দিনে সেগুলো প্রমাণ হিসেবে কাজে লাগবে। মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলেছে, আগামী ১৯ শে ডিসেম্বর যে নির্বাচন হচ্ছে তাতে প্রতিটি বুথে এবং স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *