দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত অনেকে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৯ অক্টোবর: বেপরোয়া ভাবে বাস চালানোর খেসারত দিতে হল যাত্রীদের। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত হলেন বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘাটাল থেকে তমলুকগামী যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘাটাল– পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। বাসটি উল্টে একটি বিশাল গাছে আটকে যাওয়ায় কোনও ক্রমে রক্ষা পান যাত্রীরা। তবে এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। স্থানীয়দের দাবি, দুটি বাস একইসঙ্গে যাচ্ছিল। একে অপরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।

বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে আহত বাসযাত্রীদের দেখতে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক জানান, বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় সকলেই চোট পেয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাল মহকুমা হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত খুব বেশি না হলেও এক কিশোরী গুরুতর চোট পেয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। বাকি তিন জন পাঁশকুড়া হাসপাতালে চিকিৎসাধীন।

দাসপুরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মহকুমা শাসক জানান, এই নিয়ে আগেই পুলিশ প্রশাসন ও পরিবহন কর্মীদের বৈঠক হয়েছে। সেমিনারও করা হয়েছে। দুর্ঘটনা ঠেকাতে বাস স্ট্যান্ডে সতর্কতামূলক প্রচার চালানো হয় বলেও জানিয়েছেন তিনি। তারপরও এই ঘটনা ঘটায় উদ্বিগ্ন তিনি।

কী কারণে বার বার দুর্ঘটনা ঘটছে তার কারণ সম্পর্কে পুলিশ রিপোর্ট দিতে পারবে বলে জানা তিনি। মহকুমা শাসকের দাবি, রেষারেষি বা ওভারটেক করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে, তা নিয়ে আবারও পরিবহন কর্মীদের সচেতন করা হবে এবং পুলিশ জরিমানা সহ উপযুক্ত পদক্ষেপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *