সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ আগস্ট: আজ দুপুরে পুরুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও কোনও প্রান হানি ঘটেনি। তবে বাসের প্রায় চল্লিশ জন যাত্রী আহত হন। ঘটনাটি ঘটে শালতোড়া কলেজ মোড়ের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যাত্রীবাহী বাসটি এদিন শালতোড়া ঢোকার মুখে কলেজ মোড়ের কাছে টাল খেতে খেতে একটি কার্লভাটের উপর কংক্রিটের পোলে ধাক্কা মারে। সামনের একটি চাকা গড়িয়ে মাঠের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে বাসটিও বর্ষার জলকাদা মাঠে পাল্টি খেয়ে উল্টে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে আসে পুলিশ। জখম ব্যাক্তিদের শালতোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সকলেরই অল্প বিস্তর আঘাত লাগলেও গুরুতরভাবে কেউ জখম হননি।

রানীগঞ্জ থেকে বাসে চেপে শালতোড়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন বদনী মূর্মূ। তার হাতে পায়ে চোট লাগলেও ১ বছরের কোলের শিশুটি অক্ষত আছে। ছাতনার খড়বনা গ্রামের অনুমতি হাঁসদা রানীগঞ্জ থেকে ১ বস্তা আলু ও ১ বস্তা পেঁয়াজ কিনে ফিরছিলেন। তিনি মাথায় চোট পেয়েছেন। অ্যাম্বুলেন্সে বসে তিনি জানালেন ডাক্তার বাবুরা তাকে বাঁকুড়া হাসপাতালে পাঠাচ্ছেন। বলেছেন স্ক্যান করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই কার্লভাটে ধাক্কা খেয়ে সামনের একটি চাকা খুলে বেরিয়ে যায়।

