আশিস মণ্ডল, বোলপুর, ৩০ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে
ইলামবাজারে জলের তোড়ে ভেঙ্গে পড়ল নির্মীয়মান সেতুর অংশ। ইলামবাজারের অজয় নদের উপর দীর্ঘ দিন ধরে নির্মাণের কাজ চলছিল দীর্ঘ সেতুটিতে। অন্যদিকে, ইলামবাজারের জয়দেবে ফের ডুবে গেল ফেরিঘাট। ফলে দুর্গাপুরের সঙ্গে বীরভূমের সহজ যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে গেল।
ওড়িশা-অন্ধ্রর উপকূলে তৈরি হওয়া ‘গুলাব’-এর দাপটে দক্ষিণবঙ্গে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আর তাতেই বীরভূমের নদনদী গুলিতে জল বেড়েছে। ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আরও জল বেড়ে যায় নদ-নদীগুলিতে৷ জল বাড়তে থাকায় এবং নির্মাণ কাজে ত্রুটি থাকায় এদিন জলের তোরে ভেঙ্গে পড়ে ইলামবাজারের অজয় নদের উপর নির্মীয়মান সেতুর অংশ। অজয়ের উপর পুরনো সেতু দুর্বল হয়ে পরায় তার পাশেই নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে রাজ্য সরকার। কয়েক বছর ধরেই ওই সেতু নির্মাণের কাজ চলছিল। বর্তমানে পুরনো সেতু দুর্বল হয়ে পরায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়।বীরভূম-বর্ধমানের যোগাযোগের অন্যতম এই সেতুর নির্মাণ কাজ চলছিল। কিন্তু সেতুর একটা অংশ ভেঙ্গে পরায় কাজ দীর্ঘমেয়াদি হবে বলে ধারণা প্রশাসনের।
অন্যদিকে, জয়দেবের ফেরিঘাটও জলের তলায় চলে গিয়েছে। ফলে বীরভূম থেকে বর্ধমান যাওয়ার সহজ যোগাযোগ পথ এদিন বন্ধ হয়ে যায়। আরও বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়বে। যদিও, আগাম প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।
বীরভূমের জেলা শাসক বিধান রায় বলেন, “ডিজাস্টার ম্যানেজম্যান্ট টিম তৈরি আছে। সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।”

