স্ত্রীর চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়ে ছেলের হাতে বেধড়ক মার খেলেন বাবা, শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুলাই: স্ত্রীর চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ছেলের কাছে টাকা চাইতে গিয়েছিলেন বাবা। টাকার পরিবর্তে ছেলের হাতে বেধড়ক মার খেলেন বাবা। গুনধর ছেলে তার বোনকেও পিটিয়েছে। ছেলের শাস্তি চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত বাবা ও মেয়ে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বাগআঁচড়ার কুলে সাহাপাড়া এলাকার।

কুলে সাহাপাড়ার বাসিন্দা মধুসূদন মল্লিকের অভিযোগ, শনিবার সকাল ১০টা নাগাদ স্ত্রীর অসুস্থতার কারণে তাঁর একমাত্র ছেলের কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিলেন। টাকা চাওয়া মাত্রই রুখে দাঁড়ায় ছেলে। এরপর তার সাথে অভদ্র ব্যবহার করে। বাবা মধুসূদন দত্ত প্রতিবাদ করলে আচমকা ছেলে বেধড়ক মারধর শুরু করে। মেয়ে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে ছেলে। মারধরে দুজনেরই শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়। এই ঘটনায় শনিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত বাবা ও মেয়ে।

ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাবা মধুসূদন মল্লিক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *