আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ এপ্রিল: আবারও তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চললো বোমাবাজি। বোমা মারার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ইছাপুরের রামনগর এলাকায়। উত্তর ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে সোমবার গভীর রাতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর অনুযায়ী, ইছাপুরের রামনগর এলাকায় দুই দুষ্কৃতী বাইকে করে আসে এবং একটি বোমা ছুড়ে চম্পট দেয়। এই ঘটনার পর বোমার শব্দে সকলের ঘুম ভেঙে যায় এবং তারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে চারিদিক ধোয়ার ভরে গেছে। আর এই ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়ে চন্দন মিত্রের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। এই বোমাবাজির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও ১৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুপ্রিয়া ঘোষ।

তৃণমূল নেতা চন্দন মিত্র জানান, “কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তা বুঝে উঠতে পারছি না। এর সাথে কোনো রাজনৈতিক যোগ রয়েছে বলে মনে হচ্ছে না। আর আমার সাথে তেমন কারোর কোনো শত্রুতাও নেই।”
তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানা পুলিশ।

