ফের তৃণমূলের কার্যালয়ে বোমাবাজি, এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের খড়দায়, নিরাপত্তার অভাব বোধ করছেন কর্মীরা

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১১জুলাই :
কামারহাটি ও টিটাগড়ের পর আবারও তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনা ঘটলো। এবার বোমাবাজি হল পব্যারাকপুর শিল্পাঞ্চলে। তৃণমূল পার্টি অফিস কে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে বিবিবাগান অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা ছোড়ার ঘটনা ঘটে। পর পর বোমাবাজির ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন তৃণমূল কর্মীরা।

অন্যান্য দিনের মত ওই পার্টি অফিসে বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন খড়দা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রক্তন কাউন্সিলার জয়ন্ত দাস। সেই সময় দুটি বাইকে করে জনা ছয়েক দুষ্কৃতী এসে আচমকাই বোমা ছোড়া শুরু করে তৃণমূলের কার্যালয় লক্ষ্য করে। বোমার বিস্ফোরণের শব্দ পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় এলাকাবাসী। আতঙ্কিত হয়ে পরেন তারা।

বোমার আঘাতে কেউ আহত না হলেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলজুড়ে। বোমা বাজির খবর পুলিশ প্রশাসনকে দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তৃণমূলের কর্মীদের অভিযোগ, ‘খড়দা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রক্তন কাউন্সিলার তথা ওয়ার্ড কোর্ডিনেটর জয়ন্ত দাস প্রতি দিনের মত গতকাল কার্যালয়ে বসে দলীয় কর্মীদের সাথে কথা বলছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে বোমাবাজি শুরু করে। এই বোমাবাজি আমাদের লক্ষ্য করে করা হয়েছে। বিশেষ করে জয়ন্ত দাসকে উদ্দ্যেশ্য করেই এই বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা সঠিক করে বলা যাচ্ছে না। বারবার তৃণমূল কার্যালয় কে লক্ষ্য করেই বোমাবাজি করছে দুষ্কৃতীরা। এতে দলীয় কর্মীরা আতঙ্কিত হতে পড়ছে।”
প্রসঙ্গত এর আগেও কামারহাটি ও টিটাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি ও দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে। ফলে দলের কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *