স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল: গতকাল গভীর রাতে দুটি পৃথক ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইটাহারে। জানা যায়, ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বাগানবাড়ি এলাকায় তৃণমূলের অঞ্চল নেতা পলাশ রায়ের বাড়িতে গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ২ টি বোমা মারে বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার সাথে যুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো অভিযোগকারী পলাশ রায়ের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা। ইটাহার বিধানসভার বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতিরা পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে বলে অভিযোগ করে বলেন তৃণমূল নেতা পলাশ রায়। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কর্মীরা।

অন্যদিকে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় গতকাল রাতে উত্তেজনা ইটাহার থানার রাধানগর গ্রামে। জানাযায়, গতকাল রাতে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের রাধানগর গ্রামে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ ডাবলু সিং এর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমা মারে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে রাতে ঘটনা স্থলে যায় ইটাহার থানার পুলিশ। এই ঘটনায় বিজেপি কর্মী ডাবলু সিং এর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আজ সকালে এই ঘটনার ইটাহার লিখিত অভিযোগ করা হয়েছে দোষীদের গ্রেফতারের দাবিতে। ইটাহার থানার আইসি অরুন কুমার তামাং এর নেতৃত্বে পুলিশ দুটি ঘটনার তদন্ত শুরু করেছে।

