ভাটপাড়ায় বোমাবাজি চলছেই, রাতে দুষ্কৃতিদের তাণ্ডব, আতঙ্কিত এলাকার মানুষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ আগস্ট: ভাটপাড়া বিধানসভা এলাকার জগদ্দল থানার ১৫ নম্বর গোলঘর বাঁশ মোড়ে ব্যাপক বোমাবাজি করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাঁশ মোড়ে পরপর আটটি বোমা পড়ে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে, তিনটি বোমা ফাটলেও পাঁচটি বোমা ফাটেনি।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই এক দল দুষ্কৃতী ওই এলাকায় চড়াও হয় এবং বোমাবাজি শুরু করে। এই ঘটনার পর আতঙ্কে ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। অভিযোগ, গতকাল সকালে বাঁশ মোড়ে উৎসবের চাঁদা কাটা নিয়ে এক টোটো চালকের সাথে ঝামেলা হয় স্থানীয় কিছু লোকের সাথে। এরপর ওই টোটো চালক তার বন্ধুদের ফোন করে বাঁশ মোড়ে ডাকে। এরপর তারা আসলে স্থানীয় ছেলেদের সাথে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে পরে তা মারপিটে পরিণত হয়। ফের রাতে ওই বহিরাগত টোটো চালক তার দলবল নিয়ে এসে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতে বোমাবাজি করে বলে অভিযোগ।

বোমার আওয়াজে এলাকার খোলা থাকা দোকানগুলি ভয়ে বন্ধ করে দেন মালিকরা। এরপর দুষ্কৃতীরা বোমাবাজি থামালে এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় বেরিয়ে আসেন। নির্বাচনের ফল বেরনোর পর থেকে এই ভাটপাড়া ও জগদ্দল এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছে, নিত্যদিন চলছে বোমাবাজি। ফলে আতঙ্কিত এলাকাবাসী।

এই বোমাবাজির খবর পেয়ে ঘটনস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। সেই সঙ্গে আসেন স্থানীয় তৃণমূল নেতা গোপাল রাউত। তিনি বলেন, “দুষ্কৃতীরা এলাকা অশান্ত করবার জন্য এই বোমাবাজি করেছে। পুলিশের ওপর আমাদের ভরসা আছে, পুলিশ দুষ্কৃতীদের দ্রুত খুঁজে বার করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *