রাজেন রায়, কলকাতা, ২৯ এপ্রিল: করোনা পরিস্থিতির মধ্যে শুরু কলকাতার অষ্টম দফার ভোট। আর ভোটের শুরুতেই উত্তপ্ত কলকাতা। সকালবেলাতেই মহাজাতি সদনের সামনে পড়ল পরপর দুটি বোমা। ঘটনাস্থলের কাছে থাকা পোলিং বুথ থেকে আতঙ্কে বাড়ি চলে যান ভোটাররা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ জোড়াসাঁকো বিধানসভার মহাজাতি সদনের সামনে দুটি বোমা পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। চলন্ত একটি হলুদ ট্যাক্সি থেকে থেকে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি করেছে।

ভোট শুরুর আগে থেকেই বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজের ২৩১ নম্বর বুথের সামনে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বেলেঘাটার বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস পোলিং এজেন্টকে বসাতে গেলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ঝামেলা শুরু হয়। বুথের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বিজেপি প্রার্থীকে। পরে সমস্ত সমস্যা মিটিয়ে ভোটগ্রহণ শুরু হয়।

