আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ এপ্রিল: রেল লাইনের একদম পাশেই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কাঁকিনাড়া রেল স্টেশনে। শিয়ালদহ মেইন শাখার কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেল গেটের মাঝে চার নম্বর লাইনের ধারে একটি লেডিস ব্যাগে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কাঁকিনাড়া স্টেশনে। অল্পের জন্য বেঁচে গেলো রেল ও রেল যাত্রীরা।
সূত্রের খবর, অনুযায়ী কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৮ ও ২৯ নম্বর রেল গেটের মাঝে চার নম্বর লাইনের ধারে একটি লেডিস ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমা। শনিবার সকাল ১১টা নাগাদ রেললাইনে কর্মরত কর্মীরা লাইন পরিষ্কারের সময় ব্যাগটি দেখতে পান এবং সেই ব্যাগটি লাইনের কাছে ছুড়ে ফেলতেই ব্যাগের ভেতর থাকা বোমা বিকট শব্দে ফেটে যায়। বোমা ফাটার শব্দ পেয়ে রেল লাইনের পাড়ে থাকা বাড়ির বাসিন্দা বেরিয়ে দেখেন চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। রোদের তাপে বা রেল চলাচলের সময় যদি ওই বোমা বিস্ফোরণ হতো তাহলে আরো বড় ঘটনা ঘটে যেতে পারতো।

এই ঘটনার পর ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও ভাটপাড়া থানার পুলিশ ও জগদ্দল থানার পুলিশ। বোমা যেখানে ফেটেছিল সেই জায়গার পাথর ও অন্যান্য জিনিস সংগ্রহ করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ওই লেডিস ব্যাগে কৌটো বোমা রাখা ছিল। ব্যাগটি ছুড়ে ফেলার কারণে তার মধ্যে থাকা বোমাটি ফেটে যায়। তবে এই ঘটনা ট্রেন যাওয়ার সময় হলে ঘটতে পারত মারাত্মক ঘটনা। কারণ শিয়ালদা মেন শাখার অত্যন্ত ব্যস্ততম স্টেশন এটি। তাই রেল লাইনের ধারে এই বিস্ফোরণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ও নিত্য যাত্রীরা।
এলাকাবাসীর বক্তব্য, “আমরা একটা বিকট শব্দ শুনে বেড়িয়ে এসে দেখি চারিদিক কালো ধোঁয়ার ভরে গেছে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কিত। কারণ রাত বিরেতে কাজ থেকে আমাদের বাড়ি ফিরতে হয়। আমাদের নিরাপত্তা কোথায়? আজ ট্রেনে যাওয়ার সময় যদি বোমা বিস্ফোরণ হতো তাহলে কি সাংঘাতিক ব্যাপার ঘটতে পারত।”
প্রসঙ্গত, ভাটপাড়া ও জগদ্দল এলাকায় মাঝে মাঝেই বোমা উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। কিন্তু তাও যেনো বোমা বিস্ফোরণ কমছে না। তবে এই বোমা কোথা থেকে এল তার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

