হিজলির জঙ্গলে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: সোমবার ভোরে হিজলির জঙ্গল থেকে খড়্গপুরের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন ভোর পাঁচটা নাগাদ স্থানীয় মানুষজন  খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের প্রেমবাজার ও গোপালীর মধ্যবর্তী হিজলী জঙ্গলের ভেতরে মৃতদেহটি দেখতে পান।

জানাগেছে, গোপালী আশ্রমের ডানদিকে জঙ্গলের ভেতরে পড়েছিল বছর ষাটের ওই ব্যবসায়ীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পি. বাবু রাও। ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরের খড়্গপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর বাসিন্দা তিনি।

পরিবারের বক্তব্য, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। আইআইটি ফ্লাইওভারের নীচে পুরিগেট লাগোয়া একটি খাবার দোকান রয়েছে তাঁর। এছাড়াও রয়েছে নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসা। কয়েকটি পরিবহনের গাড়িও রয়েছে তাঁর। এর বাইরে সুদে টাকা ধার দেওয়ার ব্যবসাও ছিল।

শরীরে সুগার, প্রেসার, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ থাকলেও তারই মধ্যে ব্যবসা চালাতে নিয়মিত ছোটাছুটি করতেন। বাজারে বেশকিছু দেনা যেমন ছিল তেমনই পাওনাও ছিল। ইদানিং এসব নিয়ে মানসিক চাপেও ছিলেন। কিন্তু যেহেতু সুদের ব্যবসা করতেন তাই তাঁর শত্রু থাকাও অসম্ভব নয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি। তাঁর পরনে ফুলস্লিভ গেঞ্জি ছিল। প্যান্ট কোমর থেকে নীচের দিকে নামানো ছিল। পাশেই একটি বাইক পাওয়া যায়। বাইকে পি রাও লেখা ছিল।

স্থানীয়দের বক্তব্য, দেহটি চিৎ করার পর দেখা যায় মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে যা অনেকটা থেঁতলে দেওয়ার মতই। পুলিশ অবশ্য বলছে, এটা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। হতে পারে গাড়ি চালানোর সময় কোনও ভাবে পড়ে গিয়েও মুখে আঘাত পেয়ে থাকতে পারেন। ঘটনাটি দুর্ঘটনাও হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু স্পষ্ট হওয়ার নয়। মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *