জামাই ষষ্ঠীর পরদিনই দেহ উদ্ধার জামাইয়ের, উত্তেজনা ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুন:
ঘাটালের শ্রীপুরে জামাইকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি জানা গেছে আজ সকালেই। ঘাটাল থানার অন্তর্গত শ্রীপুরে শ্বশুরবাড়ির গোয়াল ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ।

জানাগেছে ২৫ বছর বয়সী মৃত সুকদেবপুর পুঁইলার বাড়ি নবগ্রামে। তার দাদা তপন পুঁইলার অভিযোগ, তার ভাইকে মেরে ঝুলিয়ে দিয়েছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সুকদেব পুঁইলার পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা শ্রীপুরে এসে হামলা চালায় বলে জানা গেছে। কারণ তাদের অভিযোগ, পুলিশের উদ্ধার করা শুকদেবের মৃতদেহে মারধরের ছাপ এবং রক্তের দাগ রয়েছে। মেরে তাঁকে গোয়ালঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন। তপন পুইলা জানান, তাঁর ভাই পাঞ্জাবের কোনও একটি জায়গায় সোনার কাজ করতেন। বছর সাতেক আগে শ্রীপুর এলাকায় বিয়ে হয় এবং বছর পাঁচেকের একটি ছেলেও রয়েছে তাদের। বিয়ের পরে কিছুদিন ঘর করার পর ভাইয়ের বউ বাপের বাড়িতে চলে আসে এবং আর শ্বশুর বাড়ি ফেরত যায় না। সুকদেব পুইলা যখন গ্রামে ফিরতেন তখন তিনি কখনো নিজের বাড়িতে এবং কখনো ছেলেকে দেখার জন্য শ্বশুর বাড়িতে থাকতেন।

এরকমই গতকাল শ্বশুর বাড়িতে আসেন এবং রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তপন পুইলা আরও অভিযোগ করেন, তাঁর ভাইয়ের বউ ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন না করে আরও একটি বিয়ে করেছে। আর সেই কারণেই কিছুদিন যাবত ঝামেলা চলছিল যার ফলস্বরূপ আজকের এই ঘটনা।

মৃতের শাশুড়ি জানান, জামাই কখন এসেছিল আমাদের কিছুই জানা নেই। সকালে গোয়াল ঘরে জামাইয়ের দেহ ঝুলতে দেখা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক এবং ঘাটালের সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ সহ বিশাল পুলিশবাহিনী এলাকায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *