পুরুলিয়া শহরে পরিচারিকার দেহ উদ্ধার, জখম বাড়ির কর্ত্রী

সাথী দাস, পুরুলিয়া, ২৮ আগস্ট: পুরুলিয়া শহরের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে পরিচারিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী। খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ ও প্রতিবেশীরা। খুনের অভিযোগ ওই বাড়িতে কর্মরত দুই কাঠ মিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক।

জানা গিয়েছে, মৃতার নাম পার্বতী বাদ্যকার (৫৫)। তাঁর বাড়ি স্থানীয় পোকা বাঁধ পাড়ায়। আহত অবস্থায় চিকিৎসাধীন বছর বাহান্নর নন্দিতা দাস কর্মকার। স্বামী প্রদীপ দাস কর্মকার। তাঁর একটি সোনার দোকান রয়েছে। গোটা ঘটনায় রহস্য দেখা দিয়েছে। পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনে দুপুরে এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। গুরুতর জখম নন্দিতা দেবী দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে ওই বাড়িতে এক সপ্তাহ ধরে কাঠের আসবাব তৈরি করেছিল সন্দেহভাজন দুই মিস্ত্রি। তারা ১৮ নম্বর ওয়ার্ডে থাকতো। আসল বাড়ি মুর্শিদাবাদ জেলায়। কাজ করার সময় ওই বাড়িতে পুরুষ সদস্য ছিল না। ঘটনার পর থেকে দুই কাঠ মিস্ত্রির খোঁজ নেই। আর এতেই সন্দেহ বেড়ে যায় প্রতিবেশী ও পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *