খণ্ডঘোষে ৩ দিন পর পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, বর্ধমান, ১৬ নভেম্বর: পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাকারি এলাকায়। গত রবিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানা যায়, গত রবিবার রাত আটটা থেকে নিখোঁজ ছিল শাকারি আমপুকুর এলাকার যুবক প্রসেনদ্বীপ রায়(২৫)। তারপর থেকেই বাড়ির সদস্যরা ওই যুবককে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তারা খন্ডঘোষ থানার পুলিশের দ্বারস্থ হন। সোমবার দুপুরে এলাকাবাসীরা দেখেন শাকারি মঠের পুকুরের পাড়ে একটি জায়গায় ওই যুবকের পোষাক পড়ে রয়েছে। এরপর ওই পুকুরে জাল নামানো হলে ওই যুবকের মৃতদেহ পুকুরের জল থেকে উঠে আসে। পরে এলাকাবাসীরা খন্ডঘোষ থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ময়না তদন্তের জন্য খণ্ডঘোষ থানার পুলিশ ওই যুবকের মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে ওই যুবক জলের মধ্যে কিভাবে ডুবে মারা গেল এই নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *