আমাদের ভারত, হুগলী, ৭ জুন: গতকাল দুপুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মগড়ার পালপাড়া এলাকায়। আসাম লিঙ্ক রোডের পাশের নয়ানজুলি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ত্রিবেণী উত্তর বেণীপুরের বাসিন্দা শম্ভু দত্ত(৩৩)। গতকাল দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। তার ফোন বেজে গেলেও কোনো সাড়া মেলেনি।মগড়া থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার।মোবাইলের টাওয়ার লোকেশান দেখে পুলিশ আজ সকালে পালপাড়ার কাছেই নয়ানজুলিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে। সাইকেলটিও পাশে পড়েছিল।
পরশু জামাইষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন শম্ভু।গতকাল সকালে বাড়ি ফেরেন। জামা কাপড় কেচে মাকে বলে একটু কাজে বেরোচ্ছে। শম্ভু টিনের শেড তৈরীর কাজ করত। তার বাবা স্বপন দত্তর অভিযোগ, ছেলেকে কেউ খুন করেছে। কাজের জায়গায় একজনের সঙ্গে ঝামেলা ছিল বলে তার দাবি। মগড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়না তদন্তের পর বোঝা যাবে। মৃত যুবকের মৃগী রোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

