তালডাংরার জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের দেহ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ নভেম্বর: নিখোঁজ শিক্ষকের মৃতদেহ উদ্ধার হল আজ সকালে তালডাংরার পাকসাড়ার জঙ্গলে। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত শিক্ষকের নাম অপূর্ব কুমার পাত্র। তার বয়স আনুমানিক একান্ন বছর। মৃতের আদি বাড়ী তালডাংরা থানার কেশিয়া এলাকায় হলেও বর্তমানে তিনি চাকুরি সূত্রে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃতের স্ত্রী জটিল রোগে আক্রান্ত, তার স্ত্রীর দুটি কিডনি বর্তমানে বিকল। কিডনি প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কিডনি দাতার খোঁজ চালিয়ে গিয়েও ব্যার্থ। তারই জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অনুমান করা হচ্ছে যে, সেই কারণেই বিষ খেয়ে আত্মঘাতী হন শিক্ষক অপূর্ব বাবু।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাঁকুড়ার বাড়ি থেকে বেরোনোর পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। মোবাইল ফোনের লোকেশন দিয়ে তালডাংরার পাকসাড়া জঙ্গলের বিভিন্ন অংশে পুলিশ খোঁজ চালায় স্থানীয় বাসিন্দা ও মৃতের আত্মীয়দের নিয়ে। সেই জঙ্গল থেকেই আজ সকাল প্রায় দশটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার করে তালডাংরা থানার পুলিশ। তালডাংরা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *