দোষীদের শাস্তির দাবি তুলে গোঘাটে বিজেপি কর্মীর মায়ের মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৭ এপ্রিল:
গোঘাটের বদনগঞ্জ এলাকায় তৃণমূলের হামলায় বিজেপি কর্মী পীরু আদকের মা মাধবী আদকের মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। আজ এলাকায় মৃতদেহ পৌঁছাতেই বিজেপি কর্মী সমর্থকরা দোষীদের শাস্তির দাবিতে গোঘাটের কৃষ্ণগঞ্জ মোড়ে রাস্তার উপর মৃতদেহ রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি সাংসদ অর্জুন সিং। চরম উত্তেজনার সৃষ্টি হয়। গোটা এলাকায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি তুলতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোঘাট থানা ওসি অনিল রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ অবরোধ উঠিয়ে দেয়।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত বিজেপি কর্মীর মাকে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গোঘাট থানার বদনগঞ্জ এলাকায়। জানা যায়, গতকাল রাতে তৃণমূলের গুন্ডাবাহিনী এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। সেই সময় বিজেপির এক কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করা হয়। এরপরই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।ছেলেকে মারতে দেখে মা ছাড়াতে গেলে তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাত করা হয় মাথায় সেই আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই ওই বিজেপি কর্মীর মায়ের মৃত্যু হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ অর্জুন সিং বলেন, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, আমরা দোষীদের গ্রেফতারের দাবি করছি। নির্বাচন কমিশনে অভিযোগ করবো। আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃতি যাতে না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। ২ মে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এই দলদাস পুলিশগুলো কিভাবে রেহাই পায় আমরা দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *