স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ জুন: অবশেষে দিঘির জল থেকে উদ্ধার হল অপর এক কিশোরের দেহ। এই কিশোরের নাম অমর সিংহ। বিপর্যয় মোকাবিলা দলের প্রচেষ্টায় রবিবার সকালে তার দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘির সুবিশাল দিঘিতে একদল কিশোর স্নান করতে আসে। সেসময় পাড়ে রাখা একটি নৌকায় চেপে তারা দিঘির জলে নেমে পরে। মাঝ দিঘিতে টাল সামলাতে না পেরে আচমকাই উলটে যায় নৌকা। সেসময় অমর সিংহ ও শিবা রবিদাস নামের ২ কিশোর তলিয়ে গেলেও বাকীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

এদিকে ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে তলিয়ে যাওয়া ২ কিশোরকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঘটনার পর দীর্ঘ ৫ ঘন্টা বাদে জলে নামে বিপর্যয় মোকাবিলা দল। বহুক্ষণের প্রচেষ্টায় শনিবার সন্ধ্যায় শিবার দেহ উদ্ধার হয়। তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কিন্তু অমরের দেহ গতকাল পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে আবার শুরু হয় তল্লাশি। বেলা কিছুটা বাড়তেই উদ্ধার হয় অমরের দেহ। তার দেহও ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠায় পুলিশ।
এই ঘটনার জেরে শোকস্তব্ধ দুই পরিবার। গভীর এই দিঘীতে বিপজ্জনকভাবে নৌকায় চেপে স্নান করতে নামার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এব্যপারে সতর্ক করা হয়েছে এলাকার সাধারণ মানুষকে।

