আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: পৌর ভোটের প্রাক্কালে রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপে।

বৃহস্পতিবার নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া সংলগ্ন ব্যাদরাপাড়া ঘুমটি এলাকায় অজ্ঞাত পরিচয় বছর তিরিশের এক যুবককে রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপের জিআরপি ও আরপিএফ কর্মীরা। অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের বলে তদন্তে প্রাথমিক ধারণা জিআরপি ও আরপিএফ- এর। মৃত যুবকের দেহটি উদ্ধার করে তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও জিআরপি।

