সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ আগস্ট: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে বনগাঁ থানা সংলগ্ন ঘাটের কাছে ইছামতি নদীতে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বনগাঁ থানার ঘাটের কাছে ফুল তুলতে এসে প্রথমে এক ব্যক্তি নদীতে একজন মানুষের দেহ ভাসতে দেখেন। তাঁর সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। তাঁদেরও দূর থেকে দেখে মনে হয় যে, সেটি মানুষেরই দেহ। এরপর একদল লোকজন এই ঘাটে প্রতিমা বিসর্জন দিতে এসে কাছে গিয়ে দেখেন, ভাসমান দেহটি এক ব্যক্তির।

এরপরই বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়। মৃতদেহের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। দেহটি কোথা থেকে এল, এটি খুন না আত্মহত্যার ঘটনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।

