সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ অক্টোবর: ঘরের মধ্যে জমা জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। তিন দিন পর মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের। মৃতের নাম প্রশান্ত দাস (৬২)। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ঘরের মধ্যে জমা জল থেকে দুর্গন্ধ বেরতে থাকে। এলাকার মানুষের সন্দেহ হয়। ঘরে ঢুকেই দেখেন জলের মধ্যে পড়ে প্রশান্ত দাসের পচাগলা দেহ। দুদিন ধরে প্রশান্ত দাসকে সে ভাবে দেখা যায়নি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার বৃষ্টির জমা জল পৌরসভার পক্ষ থেকে পাম্প লাগিয়ে সরানো হয়। তারপর থেকেই দুর্গন্ধ বের হতে শুরু করে। এরপর তড়িঘড়ি পুলিশকে খবর দিলে দেখা যায় ঘরের ভিতরেই মৃত অবস্থায় পড়ে আছে প্রশান্ত দাস। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটানা বৃষ্টিতে হাবড়া পৌরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে ঘরের মধ্যে জল ঢুকে যায়। কারও ঘরে এক কোমর জল, কারও বা চালা ডুবেছে। প্রচুর মানুষ ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন নাজেহাল অবস্থা ১৩ নম্বর ওয়ার্ড রেল কলোনি এলাকার। জমা জলের কারণে গত বছর হাবড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হয়েছিল। ফের এবছরেও একই ঘটনা ঘটল।

