জয় লাহা, দুর্গাপুর, ১ আগস্ট: অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা পর উদ্ধার হল তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের পঞ্চপান্ডব মন্দিরের কাছে অজয় নদে। মৃত ওই যুবকের নাম ধর্মেন্দ্র ঠাকুর(১৯)। ধর্মেন্দ্র পান্ডবেশ্বরের থানার অন্তর্গত রামনগর দু-নম্বর এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল নাগাদ ধর্মেন্দ্ররা তিন বন্ধু মিলে অজয়ের ঘাটে স্নান করতে গিয়েছিল। ওই সময় আচমকাই ধর্মেন্দ্র জলে তলিয়ে যায়। বাকি দুই বন্ধু তাঁকে বাঁচাতে অনেক চেষ্টা করেও বিফল হয়। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পান্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করলেও সন্ধে পর্যন্ত ধর্মেন্দ্রর কোনও হদিশ মেলেনি। এদিকে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ হয়ে যায়। রবিবার সকালে আবারও শুরু হয় উদ্ধার কাজ। পান্ডবেশ্বর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের দল উদ্ধার কাজ শুরু করে। রবিবার দুপুর নাগাদ উদ্ধার হয় ধর্মেন্দ্রর নিথর দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে।

