স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ: চাকদার এক পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সূত্রের খবর, নদিয়ার চাকদহের তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া নতুন পাড়ায় একটি পুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় চাকদহ থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চাকদহ থানার পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। এরপর কর্মরত ডাক্তার যুবককে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম রামপ্রসাদ দাস, বয়স ৩৫ বছর। বাড়ি চাকদার তাতলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পুমুলিয়া নতুন পাড়ায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, মৃত যুবক রামপ্রসাদ দাস পেশায় গাড়িচালক ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মৃত যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। অসাবধানতা বশত হয়তো পুকুরে পড়ে গেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে কিভাবে মৃত্যু হল ঐ যুবকের।

