জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: শনিবার রাতে জলে ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল রবিবার সকাল দশটায়। ঘটনাটি ঘটেছে, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের হেমতাপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় হঠাৎই এক যুবককে জলে ভাসতে দেখা যায়। স্থানীয়রা জানান, সন্ধে সাতটা নাগাদ একটি মানুষের মাথা জলের উপর ভেসে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি আবার জলে ডুবে যায়। খবর দেওয়া হয় ক্ষীরপাই ফাঁড়িতে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ফোন করে ডাকা হয় ডুবুরি। দীর্ঘ ২-৩ ঘণ্টা ধরে ডুবুরিরা চেষ্টা চালিয়েও ওই ব্যক্তিকে খুঁজে পায়নি। রবিবার সকালে আবার ডুবুরি নামানো হয়। কিছুক্ষণ খোঁজার পর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির কোনও নাম বা পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।

