স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ আগস্ট: নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসখারি এলাকায়। মৃত মহিলার নাম সুনিতি বাড়া(৪৫)। মৃতার বাড়ি সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ঘরুগছ এলাকায়। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হাসখারির বারং নদীতে নৌকাতে কয়েকজন ব্যক্তি বালি তুলছিলেন। সেই সময় তারা দেখেন এক মহিলা নদীর জলে ভেসে আছে। তারপরই তারা ভেসে থাকা মহিলাকে নদীর পারে টেনে ওঠান। পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এদিকে মৃত মহিলার স্বামী লক্ষ্মণ তিরকি খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত দেহকে সনাক্ত করেন। তিনি বলেন, সকাল ১১টা পর্যন্ত তার স্ত্রী বাড়িতেই ছিলেন। স্নান করে খাওয়া দাওয়া করে বাড়িতেই শুয়েছিলেন তিনি। সেই সময় কাজে বাড়ির বাইরে বের হন লক্ষ্মণবাবু। কিছুক্ষণ পর লক্ষ্মণবাবুর বৌমা বলেন, শ্বাশুড়ি মা বাড়িতে নেই। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। কি করে নদীতে এলেন এবং কি ভাবে মারা গেলেন বুঝতে পারছে না পরিবারের লোকেরা। তবে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের তরফে জানা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

