অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ জুলাই: ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়ার বেনাচারিয়ার জঙ্গলে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে বেনাচারিয়ার জঙ্গলের মাঝখানে চাষের জমির পাশে মহিলার মৃতদেহ দেখেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মুনু প্রামাণিক। বয়স ৬৫ বছর।বাড়ি কলমাপুকুরিয়ার লোধাপাড়াতে। মৃতের বাড়ির লোকের অভিযোগ, হাতির হানা থেকে ফসল বাঁচাতে চাষিদের মাঠে বিদ্যুৎবাহী তার ঘেরা ছিল। যাতে আটকে মৃত্যু হয়েছে মুনু প্রামাণিককে।
মহিলার বাড়ির লোকের কথা অনুযায়ী, এদিন মুনু দেবী বাড়ি থেকে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় জল তেষ্টা পেলে পাশের জমিতে থাকা পাম্পে জল খেতে গিয়েছিলেন। সেখানে জমির চারিদিকে ঘেরা ছিল বিদ্যুৎবাহী তার দিয়ে, সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।
প্রসঙ্গত, নয়াগ্ৰাম এলাকায় ক্রমাগত হাতির হানা লেগেই রয়েছে। ফলে প্রায়ই অভিযোগ ওঠে হাতির আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে চাষিরা অনৈতিক ভাবে মাঠে বিদ্যুৎবাহী তার ফেলে রাখেন। আর হাতির জন্য পাতা ফাঁদে এক তৃষ্ণার্ত মানুষের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয় এলাকা। পরে নয়াগ্রাম থানার পুলিশ গিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ।

