অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ আগস্ট: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার নজির দেখালেন শাসক ও বিরোধী দলের নেতাকর্মীরা। করোনা আবহে অবহেলা নিয়ে যখন একে অপরের দিকে সন্দেহের আঙুল ধেয়ে আসছে ঠিক সেই সময় এই ঘটনা মানবিকতার নজির গড়েছে। রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকা এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করে এমনই পরিচয় রাখলেন তারা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ১ নং ব্লক অফিস থেকে ৩০০ মিটার দূরে সোনাহারা মোড়ে।
মৃতদেহটি দীর্ঘক্ষণ পড়ে থাকায় খবর পৌঁছায় গোপীবল্লভপুর মণ্ডলের জিএস স্বপন রথের কাছে। অপরদিকে খবর যায় তৃণমূলের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষের কাছেও। দুজনেই তাদের নিজেদের কাজের জন্য বিডিও অফিসের ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনেই সেখানে ছুটে যান। তারপরই তারা নিজেদের উদ্যোগে গাড়ি ঠিক করার চেষ্টা করেন। গাড়ি না পাওয়ার কারণে তারা গোপীবল্লভপুর থানায় যোগাযোগ করেন। গোপীবল্লভপুর থানার পুলিশ একটি গাড়ি পাঠালে সেখানে শাসক ও বিরোধী দুই দলের কর্মীরা হাতে গ্লাভস পরে মৃতদেহটি গাড়িতে তুলে দেন। তৃণমূলের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষ বলেন, বিডিও অফিসের একটি কাজে ছিলাম সেই সময় এক কর্মীর কাছে জানতে পারি ১ ঘন্টা ধরে ছাতিনাশোল বাজার চত্ত্বরে যে ভবঘুরে ঘুরে বেড়াত সে মারা গেছে এবং রাস্তায় পড়ে আছে। কেউ সাহায্য করতে আসেনি তাই কাজ ছেড়েই চলে এসছি।

গোপীবল্লভপুর মন্ডলের বিজেপির জিএস স্বপন রথ বলেন, আমার দলের কর্মীদের কাছে জানতে পারি ছাতিনাশোল বাজার চত্ত্বরে যে ভবঘুরে ঘুরে বেড়াত তার মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে সেখানে এসে করোনা আবহের মাঝে শাসক বিরোধী কাজিয়া ভুলে হেমন্তদার সাথে একসাথে মিলে মৃতদেহটি গাড়িতে তুলে পুলিশের হাতে তুলে দিলাম।

