সাথী দাস, পুরুলিয়া, ১০ ডিসেম্বর: গলায় বেল্টের ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার মফস্বল থানার রাঘবপুরের আমবাগান এলাকায়।
জানাগিয়েছে, গত কাল সন্ধে নাগাদ ওই গ্রামের বাসিন্দা রুবি মুখার্জির কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। সেখানে গিয়ে গ্রামবাসীরা দেখেন লোহার দরজায় শেকলে বেল্ট পেঁচানো অবস্থায় বছর ১১-র কিশোর সৌরভ মুখার্জি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত ওই কিশোরকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওই কিশোরকে।

ঘটনার পরে কার্যত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, স্থানীয়দের অভিযোগ, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পথের কাঁটা সরাতে নিজের সন্তানকে খুন করেছে রুবি মুখার্জি। এই ঘটনায় রুবি মুখার্জিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।
যদিও পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান এটি আংশিক দুর্ঘটনাজনিত মৃত্যু। গ্রামবাসীর রোষের কবল থেকে বাঁচাতে রুবি মুখার্জি সহ তাদের পরিবারকে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, রুবি মুখার্জির আগে প্রথম স্বামী মারা যান। দ্বিতীয় স্বামী ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তিনি আরেকটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে গ্রামবাসিদের অভিযোগ।

