আশিস মণ্ডল, সিউড়ি, ২৩ এপ্রিল: সিউড়ির পুরন্দরপুরে বেহিরা কালিতলার বেলগাছ থেকে এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতের নাম ভুবন মণ্ডল। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি৷ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা থেকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত খুনের অভিযোগ তুলে তদন্তের দাবি করেছেন।
বীরভূমের সিউড়ি থানার পুরন্দরপুরে বেহিরা কালি মন্দির বহু প্রাচীন৷ এই মন্দিরেই থাকতেন এক সাধু। নাম ভুবন মণ্ডল৷ আগে তিনি পাঁচরার বাসিন্দা ছিলেন। এদিন, সকালে মন্দির সংলগ্ন একটি বৃহৎ বেলগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন৷ খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়, বাসিন্দারা এই সাধুর মৃত্যুকে রহস্যজনক ভাবেই দেখছে৷
প্রসঙ্গত, এই মন্দিরে প্রায় সময় এক মহিলা আসতেন৷ সাধুর মৃত্যুর নেপথ্যে ওই মহিলা থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে৷ যদিও, বিজেপি সরাসরি খুনের অভিযোগ তুলে সরব হয়েছে৷ ইতিমধ্যেই সাধুর ঝুলন্ত দেহের ছবি দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছেন, “ইদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাবেশে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাদের কাল্পনিক ভূতের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছেন। তখন বীরভূমের বেহিরা কালিমন্দিরের বাইরে একজন সাধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে৷ তৃণমূল নেতারা এই অপরাধে জড়িত।”
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “আমাদের মনে হচ্ছে এটা পরিকল্পনা মাফিক খুন। শাসক দলের মদতে এর আগে পুরুলিয়ার হেমতাবাদে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই৷ তাই কেন্দ্রীয় নিরপেক্ষ কোনো এজেন্সির মাধ্যমে এই তদন্ত হোক আমরা চাই।”
যদিও এই বিষটিকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব৷ তাই কেউই কোনো মন্তব্য করতে চাননি৷

