স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ অক্টোবর: জলাশয়ে সদ্যোজাতের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সোমবার রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কসবা এলাকায় একটি জলাশয়ে সদ্যোজাতের মৃতদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘনবসতি এলাকায় কে বা কারা সদ্যোজাতের মৃতদেহ ফেলে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীদের দাবি, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জীবিত শিশুকে কেউ বা কারা ফেলে দিয়ে যেতে পারে বলে স্থানীয়দের অনেকের অভিমত। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত প্রধানও। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


