সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: বাড়ি থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার সন্ধে নাগাদ পুরুলিয়া ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেতিকা এলাকার জেকে কলেজের কাছে একটি বাড়ি থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ দাস( ৫১) বলে পুলিশ জানিয়েছে। আজ দেহটির ময়না তদন্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। চরম আর্থিক সঙ্কটে ছিলেন তিনি। কিছু দিন ধরে অসুস্থতার কারণে বাড়ির বাইরে বেরোচ্ছিলেন না। বুধবার দুপরে স্থানীয়রা ওই ব্যক্তিকে খাবার দিতে গেলে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে সদর থানার পুলিশ ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তি সম্পর্কের দাদা স্থানীয় চিকিৎসক সুব্রত দাস হাসপাতালে পৌঁছান। এদিন তিনি সংবাদ মাধ্যমকে সামনে কিছুই বলতে চাননি।
স্থানীয়রা জানান, মৃত ওই ব্যক্তি স্থানীয় বিখ্যাত দাবা খেলোয়াড় ছিলেন। মায়ের মৃত্যুর পর চরম আর্থিক সঙ্কটের কারণে অভাবে দিন কাটাছিল তাঁর। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

