স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ মে: দুদিন নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুর থেকে ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকার ঘুমিয়াগঞ্জ গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম নিতাই বর্মন ( ৭০), বাড়ি ওই গ্রামেই। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রামবাসী এবং পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকার ঘুমিয়াগঞ্জ গ্রামের বাসিন্দা নিতাই বর্মন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতেন নিতাইবাবু। দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় পুকুরে গ্রামবাসীরা একটি মৃতদেহ ভাসতে দেখতে পায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ। গ্রামবাসীরা পুকুরে নেমে ওই মৃতদেহটি তুলে নিয়ে আসে। পরিবারের সদস্যরাও ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

