বাড়ির শৌচালয় থেকে কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘাটালে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ নভেম্বর: সোমবার সকালে ঘাটালে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে ঘটনাটি ঘটে ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকার দূরাভাষ পল্লীতে। মৃত কলেজ ছাত্রীর নাম রিয়া প্রামাণিক (২৩)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
 
রিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মেদিনীপুর গোপ কলেজে এমএসসিতে পড়াশোনা করেছিলেন রিয়া। পরিবার-পরিজন ও প্রতিবেশীরা জানান, রিয়ার মতো মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। আজ রিয়ার বোনের জন্মদিন। সেই উপলক্ষ্যে রিয়া গতকাল রাতে অনলাইনে বোনের জন্য কেক অর্ডার দিয়েছিলেন। কিন্তু সকালে এই কাণ্ড দেখে হতবাক সবাই। হঠাৎ কেন এই কাজ করলেন রিয়া তা নিয়ে প্রশ্ন সবার মনে। ঘাটাল থানার পুলিশ রিয়ার ফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *