স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৮ এপ্রিল:
ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রাতে বাড়ি থেকে বছর ৩১ এর এক বিজেপি কর্মীকে ডেকে নিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ। আজ সকালে বাড়ির সামনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত বিজেপি কর্মীর নাম দিলীপ কীর্তনীয়া (৩১)। ঘটনাটি চাকদহ থানার উত্তর এনায়েতপুর মন্ডলপাড়ার। বিজেপির অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে ভাঙ্গচুর করা হয়। এছাড়া ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

অভিযোগ গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল মন্ডলের লোকজন। সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু রাতে তাঁর খোঁজ মেলেনি। আজ ভোরবেলায় দেখা যায় তাঁর দেহ বাড়ির উঠোনের কাছে পড়ে রয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়েগেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

এই ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙ্গচুর করে দুলাল মন্ডলের বাড়ি। ঘটনার পর থেকে পলাতক দুলাল মণ্ডল। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। দলীয় কর্মী মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার শিমুরালী চৌমাথায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা।

